আইসিটি উপদেষ্টার ডিজিটাল বাংলাদেশ মেলা পরিদর্শন

১৬ জানুয়ারি, ২০২০ ২২:৫৫  
‘বঙ্গবন্ধুর সোনার বাংলার প্রযুক্তির মহাসড়ক’ স্লোগানে লেজার সিগনেচারের মাধ্যমে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে তিন দিনের ডিজিটাল বাংলাদেশ মেলা। বৃহস্পতিবার সকালে মেলার উদ্বোধন শেষে প্রাঙ্গনের ডিজিটাল আয়োজনময় প্যাভিলিয়ন ও স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ওয়ালটনের প্যাভিলিয়নে দেশে উৎপাদিত মোবাইল ফোন, ল্যাপটপ পরিদর্শন করেন তিনি। ডিভাইসগুলো সম্পর্কে তাকে অভিহিত করেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রকৌশলী লিয়াকত আলী। এসময় উপদেষ্টার সঙ্গে ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ ও ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব নূর-উর-রহমান। ডিজিটাল নাগর দোলাও দেখা যায় মেলায়। দেখা মেলে দেশের তরুণ উদ্ভাবকদের নির্মিত রোবট গাড়ি। চালক বিহীন জিপ। ডাক ভবন প্যাভিলিয়নে মোবাইলে দৈনিক ১০০ কোটি টাকা লেনদেনের বার্তা তুলে ধরে নগদ কর্তৃপক্ষ। একটু এগিয়ে গেলেই দেখা যায় ইন্টারনেট ব্যবহার করে প্রত্যন্ত অঞ্চলে চোখের চিকিৎসা সেবা দিচ্ছেন একজন চিকিৎসক। মেলায় হাজির হয়েছে নতুন লাইসেন্সপ্রাপ্ত এনটিটিএন কোম্পানি বাহন। ইন্টারনেট সেবার মান ও বিস্তৃতি নিয়ে বিটিআরসি’র কার্যক্রম তুলে ধরেন বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক। সঙ্গে ছিলেন সাবেক চেয়ারম্যান বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানী লিমিটেড (বিসিএসসিএল) চেয়ারম্যান ড. শাহ্‌জাহান মাহমুদ। দেশের তরুণ উদ্ভাবকদের তৈরি রোবটের ফুটবল কসরৎ উপভোগ করেন জয়। হুয়াওয়ের প্যাভিলিয়নে ৫জি লাইভ। ভিআর চোখে স্কি রত দর্শনার্থী। টেলিফোন শিল্প সংস্থার স্টলে বিভিন্ন প্রজন্মের ফোন প্রদর্শিত হয়।